জাহানারার অভিযোগ প্রমাণিত, মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ করলো বিসিবি
যৌন হয়রানির অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার পর জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভার্চুয়াল বোর্ড সভায় তাকে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগটি করেছিলেন জাতীয় নারী দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। তার দাবি ছিলো, নির্বাচক হিসেবে দায়িত্ব পালনকালে মঞ্জুরুল ইসলাম অসদাচরণ ও যৌন হয়রানিমূলক আচরণ করেছেন। বিষয়টি সামনে আসার পর বিসিবি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।
দীর্ঘ অনুসন্ধান ও সাক্ষ্যগ্রহণ শেষে তদন্ত কমিটি জানায়, জাহানারার আনা চারটি অভিযোগের মধ্যে দুইটি প্রমাণিত হয়েছে। সেই সুপারিশের ভিত্তিতেই বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মঞ্জুরুল ইসলাম আর জাতীয় দল, নারী দল কিংবা দেশের কোনো ঘরোয়া ক্রিকেট কাঠামোর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
বর্তমানে তিনি বিদেশে নারী ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে যুক্ত থাকলেও, দেশে ফিরলে বা দেশের ক্রিকেটের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকছে না। বিসিবি সূত্র জানিয়েছে, নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় বোর্ড ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
এছাড়া জাহানারা আলম চাইলে ব্যক্তিগতভাবে আইনি ব্যবস্থা নিতেও পারবেন, সে ক্ষেত্রে বিসিবি তার পাশে থাকবে বলে জানানো হয়েছে। ক্রিকেট অঙ্গনে এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে—অভিযোগ প্রমাণিত হলে ছাড় নেই, যত বড় নামই হোক।
বিভি/এসজি



মন্তব্য করুন: