পথচারীদের মাঝে ইফতারি বিতরণের সময় প্রাণ হারালেন ফুটবলার
নিহত মোতাসিম জাকারিয়া।
রমজান ঘিরে পথচারী ও যাত্রীদের মাঝে ইফতারি বিতরণ করছিলেন ফুটবলার। কিন্তু সেখানেই ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রাণ গেল ইফতারি বিতরণ করা ওই ফুটবলারের। ঘটনাটি ঘটেছে মিসরের দাকাহলিয়া গভর্নরেটে।
নিহত ফুটবলারের নাম মোতাসেম জাকারিয়া। তিনি মানসুরা ওয়ার্কার্স ক্লাবের যুবদলের অধিনায়ক ছিলেন। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) মাগরিবের আজানের কিছু আগে তিনি সড়কে পথচারী ও যাত্রীদের মধ্যে ইফতারসামগ্রী ও খেজুর বিতরণ করছিলেন। এমন সময় এক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
জানা যায়, রমজান মাসে তিনি নিয়মিতভাবে এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিতেন।
মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা এক শোকবার্তায় তরুণ খেলোয়াড়ের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। এ ঘটনাকে দেশের ফুটবলের জন্য বেদনাদায়ক ক্ষতি হিসেবে উল্লেখ করেন।
মানসুরা ওয়ার্কার্স ক্লাবের যুব একাডেমির কোচ ও কর্মকর্তারাও শোক প্রকাশ করে বলেন, জাকারিয়া শুধু একজন প্রতিভাবান ফুটবলারই ছিলেন না, তিনি ছিলেন দৃঢ় চরিত্র ও ভদ্র আচরণের জন্য পরিচিত একজন সম্মানিত অধিনায়ক।
ক্লাব সূত্রে জানা যায়, ২০১১ সালে জন্ম নেওয়া জাকারিয়া অল্প বয়সেই অসাধারণ প্রতিভা ও নেতৃত্বের গুণাবলি প্রদর্শন করেছিলেন। ভবিষ্যতে তার উজ্জ্বল ক্যারিয়ারের সম্ভাবনা ছিল বলে সংশ্লিষ্টরা জানান। মাঠের ভেতরে তার পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে সমাজসেবামূলক কার্যক্রমও তাকে সবার থেকে আলাদা করেছিল। সূত্র: গাল্ফ নিউজ
বিভি/এজেড



মন্তব্য করুন: