এবার অধিনায়কত্ব হারাচ্ছেন রশিদ খান
ছবি: রশিদ খান (সংগৃহীত)
বিগত কয়েক বছর ধরে আফগানিস্তান ক্রিকেট দল বেশ একাধিক আইসিসি ইভেন্টে আলো ছড়িয়েছে। এবারও ভালো পারফরম্যান্স দেখানোর প্রস্তুতিতেই মাঠে নেমেছিলো আফগানরা, কিন্তু ফল আশানুরূপ হয়নি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
এই হতাশাজনক পারফরম্যান্সের দায়ভার পড়েছে দলের অধিনায়ক রশিদ খানের ওপর। গুঞ্জন রয়েছে, অধিনায়কত্ব থেকেও তাকে সরানো হতে পারে।
আফগান সংবাদমাধ্যম ‘আমু টিভি’ জানিয়েছে, বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসি) অধিনায়কত্বে পরিবর্তন আনতে পারে। রশিদের পরিবর্তে দলটির নতুন নেতা হতে পারেন ইব্রাহিম জাদরান।
২০১৯ সালে প্রথমবারের মতো আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন রশিদ। এরপর ৪৮টি ম্যাচে নেতৃত্ব দেন তিনি, যেখানে ২৬টি ম্যাচে জয় লাভ করে আফগানিস্তান এবং ২১টি ম্যাচে পরাজিত হয়।
উল্লেখ্য যে, বিশ্বকাপ শুরুর আগে রশিদকে সরানোর পরিকল্পনা ছিলো এসিসির। তবে বড় টুর্নামেন্ট সামনে থাকায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে রশিদের বিকল্প হিসেবে ইব্রাহিম জাদরান এগিয়ে থাকলেও রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের নামও আলোচনায় এসেছে। তবে ওমরজাই নেতৃত্ব নিতে আগ্রহী নন বলে জানা গেছে।
বিভি/এআই



মন্তব্য করুন: