• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

সেমিফাইনালে খেলতে হলে যে সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে

প্রকাশিত: ১২:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সেমিফাইনালে খেলতে হলে যে সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে

দল নিয়ে নানা পরিকল্পনা করছেন সালমান আগা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে চলছে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার রেস। চারটি দলের মধ্যে দুটি দল এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে। বাকি দুটি দলের জন্য লড়ছে পাকিস্তান-নিউজিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এদের মধ্যে পাকিস্তানকে আবার মেলাতে হবে কঠিন সমীকরণ।

গতকাল শুক্রবার কলম্বোয় ইংল্যান্ড হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। ফলে সুপার এইটে গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠেছে ইংলিশরা। নিউজিল্যান্ডের হারে বিশ্বকাপে বেঁচে থাকল পাকিস্তান। শনিবার শ্রীলঙ্কাকে হারালে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে। তবে মানতে হবে আরও একটি শর্ত।

সুপার এইটে গ্রুপে তিনটি ম্যাচই জেতায় ইংল্যান্ডের পয়েন্ট হল ৬। নিউজিল্যান্ড আটকে থাকল ৩ পয়েন্টে। শনিবার পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন তাদেরও হবে ৩ পয়েন্ট। সে ক্ষেত্রে আসবে নেট রান রেটের অঙ্ক।

ইংল্যান্ডের কাছে হারের ফলে দুইয়ে থাকা নিউজিল্যান্ডের রান রেট এখন +১.৩৯০। পাকিস্তানের রান রেট -০.৪৬১। ফলে সালমান আগারা এমনিতেই রান রেটে অনেক পিছিয়ে। নিউজিল্যান্ডকে রান রেটে পিছনে ফেলতে গেলে কঠিন কাজ করতে হবে তাদের।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রথমে ব্যাট করলে পাকিস্তানকে অন্তত ৬৪ বা তার বেশি রানের ব্যবধানে জিততে হবে। পরে ব্যাট করতে নামলে কাজ আরও কঠিন। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা যে রানই তুলুক না কেন, তা ১৩.১ ওভারের মধ্যে তাড়া করতে হবে। এই শর্ত মানলে তবেই সেমিফাইনালে খেলার আশা করতে পারে পাকিস্তান। না হলে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে চলে যাবে নিউজিল্যান্ড।

অন্যদিকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফুরফুরে মেজাজে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আর সমীকরণের মারপ্যাচে খেলার চেয়ে টেনশনই বেশি হচ্ছে পাকিস্তান ও ভারত শিবিরে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত