একাই লড়লেন সিকান্দার রাজা, আবারও হলেন ম্যাচসেরা
এবারের বিশ্বকাপ যেন রাজাময় হয়ে রইলো। সুপার এইটেই যাত্রা শেষ করা জিম্বাবুয়েকে অনেক দূর টেনে এনেছিলেন সিকান্দার রাজা। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সুপার এইটে ওঠা জিম্বাবুয়ে এই পর্বে কোনো চমক দেখাতে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজ, ভারতের পর টানা তৃতীয় ম্যাচ হারলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। রবিবার দিল্লিতে এইডেন মার্করামদের কাছে ৫ উইকেটে হেরেছে জিম্বাবুয়ে। তবে এই ম্যাচে ব্যাট ও বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। হয়েছেন ম্যাচসেরাও।
এদিন আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ ওভারে ১৫৩ রান তুলেছিল জিম্বাবুয়ে। ব্যাট হাতে ৪৩ বলে ৭৩ রান করেছিলেন রাজা। ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কার মার ছিল। পরে বল হাতে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে শিকার করেছেন ৩টি উইকেট।
হার দিয়ে আসর শেষ করার ম্যাচেও ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা। এর আগে গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ম্যাচেও সেরা হয়েছিলেন রাজা। এবারের আসরে দুবার ম্যাচসেরার পুরস্কার পেলেন। এছাড়া তিনি এই আসর দিয়ে আবারও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরে এসেছেন।
দলের বাকিরা ব্যাট হাতে আর কেউই জ্বলে উঠতে পারেননি। বল হাতেও কেউ খুব বেশি একটা সুবিধা করতে পারেননি। তাই লড়াইটা একাই করতে হয়েছে সিকান্দারকে। নিজের ফর্ম ঠিক থাকলেও দল জিততে পারেনি।
এদিকে জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ ওয়ানের সেরা দল হিসেবে সেমিফাইনালে জায়গা করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে হারিয়েছিল তারা। প্রথম সেমিফাইনালে আগামী ৪ মার্চ তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।
বিভি/এজেড



মন্তব্য করুন: