ক্লাব কিংবা বিশ্বকাপ, কোথাও খেলতে পারবেন না রদ্রিগো
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের জন্য বড় ধাক্কা। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রদ্রিগো। ক্লাবের হয়ে বাকি মৌসুমে এবং আগামী বিশ্বকাপে খেলতে পারবেন না এই তারকা ফরোয়ার্ড।
রিয়াল মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে রদ্রিগোর চোটের কথা জানায়। পেশির চোটে এক মাসের বেশি সময় বাইরে থাকার পর সোমবার গেতাফের বিপক্ষে রিয়ালের ১-০ গোলে হারা ম্যাচ দিয়ে মাঠে ফেরেন ব্রাজিলিয়ান তারকা। স্প্যানিশ লা লিগার ম্যাচটিতে ৫৪ মিনিটে বদলি হিসেবে নামানো হয় তাকে। ৬৬ মিনিটে বাম দিক দিয়ে দ্রুত এগোতে গিয়ে বিপত্তি ঘটে। ব্যথা নিয়েই শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান ২৫ বছর বয়সী এই ফুটবলার। পরদিন পরীক্ষায় তাঁর গুরুতর চোট ধরা পড়ে।
বিবৃতিতে বলা হয়, রদ্রিগোর ডান পায়ের সামনের ‘অ্যান্টেরিয়র ক্রুসিয়েট’ লিগামেন্ট এবং বাইরের মেনিস্কাস ছিঁড়ে গেছে। সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে বিষয়ে কিছু জানায়নি ক্লাব। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ১০ থেকে ১২ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
লা লিগায় ২৬ রাউন্ড শেষে রিয়াল ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা চার পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আর ১০০ দিন বাকি থাকতে রদ্রিগোর চোটের খবর এলো।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: