শিরোপা জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডকে বড় টার্গেট দিলো ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে বড় টার্গেট দিয়েছে স্বাগতিক ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে সুরিয়াকুমার যাদবের দল। শিরোপা জয়ের লড়াইয়ে কিউইদের প্রয়োজন ১২০ বলে ২৫৬ রান, হাতে ১০ উইকেট। রানরেট দাঁড়িয়েছে প্রতি ওভারে ১২ দশমিক ৮।
রবিবার (৮ মার্চ) রাতে টস জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় রাত সাড়ে ৭টায়।
ব্যাটিংয়ে নেমে ভারতের হয়ে ৪৬ বলে সর্বোচ্চ ৮৯ রান করেছে সনজু স্যামসন। এছাড়াও, ইশান কিশান ৫৪, অভিষেক শর্মা ৫২ এবং শিভম দুবে অপরাজিত থেকে করেছেন ২৬ রান।

অন্যদিকে, বোলিংয়ে নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন নিশাম। এছাড়াও, ম্যাট হেনরি ও রাচিন রবিন্দ্র নিয়েছেন একটি করে উইকেট।
উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে সর্বমোট তিনবার মুখোমুখী হলেও কোন ম্যাচে ভারত জয় পায়নি, তিন ম্যাচই জিতেছে নিউজিল্যান্ড। তবে, সার্বিক টি-টোয়েন্টির হিসাবে ভারত নিউজিল্যান্ডের চাইতে এগিয়ে।
২০০৭ সালে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপেই দেখা হয় দুই দলের। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ১০ রানে হারায় নিউজিল্যান্ড। ২০১৬ সালের বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হয় দুই দল। নাগপুরে সুপার টেনের ম্যাচে ভারতকে ৪৭ রানে হারায় কিউইরা। শেষবার ২০২১ বিশ্বকাপে তৃতীয়বারের মতো ভারতের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড না থাকলেও টি–টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারতই। দুই দলের মধ্যে হওয়া ৩০ ম্যাচের ১৬টিতে জয় পেয়েছে ভারত। নিউজিল্যান্ড জিতেছে ১১টিতে। আর ৩টি ম্যাচ টাই হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: