• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

হেরে এএফসি এশিয়ান কাপের অভিযান শেষ মেয়েদের

প্রকাশিত: ১৭:৩৭, ৯ মার্চ ২০২৬

আপডেট: ১৭:৪৩, ৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
হেরে এএফসি এশিয়ান কাপের অভিযান শেষ মেয়েদের

বড় হার দিয়ে এএফসি এশিয়ান কাপের অভিযান শেষ করল বাংলাদেশ নারী ফুটবল দল। চীন ও উত্তর কোরিয়ার পর উজবেকিস্তানের কাছেও হার মানতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পিটার বাটলারের শিষ্যরা ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) পার্থের র‍্যাকট্যাঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের জন্য। শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে উজবেকিস্তান। বাংলাদেশকে চাপে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। ডি-বক্সের বাইরে বের হয়ে দলকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করলে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের গোলরক্ষক মিলি।

ক্রমাগত আক্রমণের চাপ ধরে রেখে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় উজবেকিস্তান। দারুণ এক আক্রমণের পর নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে লিড এনে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।

গোল হজমের পর কিছুটা গুছিয়ে ওঠে বাংলাদেশ। নিজেদের মধ্যে পাস আদান-প্রদান করে উজবেকিস্তানের রক্ষণভাগে কয়েকবার হানা দেয় বাংলার মেয়েরা। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন ঋতুপর্ণা চাকমা। তবে উজবেক গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা অসাধারণ দক্ষতায় সেই শট ঠেকিয়ে দেন।

৪২ মিনিটে গোলের দারুণ একটি সুযোগ পায় বাংলাদেশ। বক্সে ঢুকে কোহাতি কিসকুর জন্য সুযোগ তৈরি করে দেন তহুরা খাতুন। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি কোহাতি। ফলে ১-০ গোলে পিছিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা। অল্প সময়ের ব্যবধানে কয়েকটি আক্রমণও চালান ঋতুপর্ণারা। তবে কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি আর পাওয়া হয়নি।

বরং ম্যাচের ৬২ ও ৬৬ মিনিটে জোড়া গোল করে বাংলাদেশের আশা একেবারেই শেষ করে দেন দিলদোরা নোজিমোভা। এরপর ৮৮ মিনিটে নিলুফার কুদ্রাতোভা আরও একটি গোল করে উজবেকিস্তানের বড় জয় নিশ্চিত করেন।

শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমাদের।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত