• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

র‌্যাংকিংয়ে সুখবর পেল টাইগাররা, বিশ্বকাপের দৌড়ে আরও অগ্রগতি

প্রকাশিত: ১৪:২৪, ১৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
র‌্যাংকিংয়ে সুখবর পেল টাইগাররা, বিশ্বকাপের দৌড়ে আরও অগ্রগতি

রাজনৈতিক কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারা বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা বেশ দারুণ হয়েছে। ঘরের মাঠে ১১ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে ২-১ ব্যবধানে সিরিজ জিতেঠে মেহেদি হাসান মিরাজের দল। এই সিরিজ জয়ের পর আইসিসি থেকে সুখবর পেয়েছে টাইগাররা। একই সাথে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাওয়ার রেসে এক ধাপ এগিয়ে গেল।

মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জেতে বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই হোঁচট খায়। পাকিস্তান ঘুরে দাঁড়ানোয় বাজেভাবে হেরে যায় টাইগাররা। অঘোষিত ফাইনালে রূপ নেওয়া শেষ ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে ১১ রানের জেতে ফিল সিমন্সের শিষ্যরা।

আর এই সিরিজ জয়ে র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯ নম্বরে উঠেছে টাইগাররা। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও র‌্যাংকিংয়ের দশে ছিল বাংলাদেশ। ১ পয়েন্ট পিছিয়ে থাকা বাংলাদেশ সেটাও টপকে গেছে।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া ছাড়া র‌্যাংকিংয়ের অন্য শীর্ষ ৭ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা নবম দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। আপাতত সেই অবস্থানে উঠেছে তারা। 

পাকিস্তানের বিপক্ষে ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। ২-১ এ জিতে তাদের পয়েন্ট এখন ৭৯। ৭৭ পয়েন্ট নিয়ে দশে নেমেছে ক্যারিবিয়ানরা। সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২।

ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া র‌্যাংকিংয়ে যথাক্রমে প্রথম-দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। পাঁচে দক্ষিণ আফ্রিকা, ছয়ে শ্রীলঙ্কা, সাতে আফগানিস্তান এবং আটে রয়েছে ইংল্যান্ড।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত