৩ গোলে পিছিয়ে থাকা ম্যানসিটি আজ প্রত্যাবর্তনের গল্প লিখতে চায়
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আজ ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ ফিরতি লড়াই। রিয়ালের মাঠে প্রথম লেগ ৩-০ গোলে হেরে কোনঠাসা সিটির কোচ পেপ গার্দিওলা ঘরের মাঠে অবিশ্বাস্য প্রত্যবর্তনের গল্প লিখতে আত্মবিশাসী। রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।
৩৬ দল নিয়ে গত মৌসুমে শুরু হওয়া ইউরোপ সেরার এই লড়াইয়ে গত বছর প্লে-অফ রাউন্ডে দেখা হয়েছিলো দুই ক্লাবের। দুই লেগেই সিটিকে হারিয়েছিলো রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল।
এবার শেষ ষোলোয় প্রথম সাক্ষাতেও বাজিমাত মাদ্রিদ জায়ান্টদের। সান্তিয়াগো বার্নাব্যুতে ফেদেরিকো ভালভের্দের হ্যাটট্রিকে জয় তাদের ৩-০ গোলে। এই ফল স্বাভাবিকভাবেই ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে উজ্জীবিত রাখবে রিয়াল কোচ আলভারো আরবেলোয়াকে।
এই স্প্যানিশ কোচের স্বস্তি বাড়িয়ে দিচ্ছে কিলিয়ান এমবাপ্পের চোট কাটিয়ে দলে ফেরা। সিটি কোচও আশা ছাড়তে নারাজ। অবিশ্বাস্য প্রত্যবর্তনের গল্প লিখতে আত্মবিশাসী পেপ গার্দিওলা। আগের দিন সংবাদ সম্মেলনে এই স্প্যানিশ কোচ বলেন, তিন গোলের ব্যবধান ঘুঁচিয়ে দেওয়ার সামর্থ্য সিটির আছে।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে তিনটির বেশি গোল করার একাধিক নজিরও আছে দলটির। ২০২১-২২ মৌসুমে সেমিফাইনালের প্রথম লেগে ৪-৩ গোলে জেতা সিটি পরের মৌসুমে আবার সেমিফাইনালেই ঘরের মাঠে ফিরতি লেগ জেতে ৪-০'তে। চ্যাম্পিয়ন্স লিগে সেবারই নিজেদের প্রথম শিরোপা হাতে নেয় ইংলিশ জায়ান্ট ক্লাবটি।
বিভি/এজেড



মন্তব্য করুন: