ফুটবলকে ‘বিদায়’ জানালেন আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলা গোলরক্ষক
অবশেষে ফুটবলকে 'বিদায়' বলে দিলেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক সের্জিও রোমেরো। দেশটির গণমাধ্যমের খবর, ৩৯ বছরের আর্জেন্টাইন সাবেক ফুটবলার কোচিংয়ে যুক্ত হতে চান।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ৯৬টি ম্যাচ খেলেছেন রোমেরো। ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ কোপ আমেরিকায় তার কিপিংয়ে রানার্সআপ হয় দক্ষিণ আমেরিকার দেশটি। চোটের কারণে ২০১৮ বিশ্বকাপ মিস করা এই অভিজ্ঞ গোলরক্ষকের দেশের হয়ে আর খেলা হয়নি।
আর্জেন্টিনার রেসিং ক্লাবের যুব দল থেকে উঠে আসা রোমেরোর ২০০৬ সালে এই ক্লাব দিয়েই সিনিয়র ফুটবলে অভিষেক। নেদারল্যান্ডসের এজেড আলকামার ও ইতালির সাম্পদোরিয়া ক্লাবে দায়িত্ব পালনের মাঝে এই আর্জেন্টাইন এক মৌসুম ধারে খেলেন ফ্রান্সের মোনাকোয়।
ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত গোলরক্ষক দাভিদ দে হেয়ার ব্যাককআপ হিসেবে ছিলেন রোমেরো। সে কারণে প্রিমিয়ার লিগে বলতে গেলে খেলার সুযোগ হয়নি তার। তবে এফএ কাপ ও লিগ কাপ মিলিয়ে ক্লাবটির হয়ে ৬১ ম্যাচ খেলে তার ৩৯টিতে জাল অক্ষত রাখেন।
এক বছর স্পেনের ভালেন্সিয়ায় খেলে ২০২২ সালে যোগ দেন বোকা জুনিয়র্সে। আর্জেন্টিনার হয়ে ২০০৭ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং পরের বছর অলিম্পিকে সোনা জেতা রোমোরো স্বদেশের ক্লাবটি থেকেই অবসরে গেলেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: