এবারও নাম নেই তালিকায়, দুঃসংবাদই সঙ্গী নেইমারের
নেইমার জুনিয়র
নেইমারকে সর্বশেষ কবে দেখেছেন ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামতে? প্রশ্নের উত্তর দিতে স্মৃতি হাতড়াতে হচ্ছ? তা তো হবেই। কেননা দেখতে দেখতে তিন বছর হতে চললো নেইমার নেই ব্রাজিল দলে। এবারের বিশ্বকাপ অভিযান কী তবে নেইমারকে ছাড়াই হবে? এমন প্রশ্নও এবার আসছে সামনে।
নেইমারকে ছাড়াই বিশ্বজয়ের অভিযানে নামতে পারে ব্রাজিল। আশঙ্কা ছিল আগেই, গত রাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির এক ঘোষণায় সেই শঙ্কা আরও ঘনীভূত হলো। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচের চূড়ান্ত স্কোয়াডে নেই নেইমারের নাম। পুরোনো দুঃসংবাদই পেলেন নেইমার।
আগামী জুন-জুলাই মাসে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। কোটি কোটি ভক্ত তাকিয়ে আছে বড় বড় দলগুলোর দিকে। এরই মধ্যে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি নিতে চাইছে দলগুলো। এমন এক মুহূর্তে নেইমারের ফেরার ছিল সবচেয়ে বড় সুযোগ। কিন্তু দলের মাস্টারমাইন্ড আনচেলত্তি জানিয়ে দিলেন- নেইমার এখনো ফিট নন। আর ফিটনেসহীন কেউ আনচেলত্তির টিমে থাকবে না এটাই স্বাভাবিক।
তবে প্রীতি ম্যাচে জায়গা না পেলেও নেইমারের বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি আনচেলত্তি। তবে সে জন্য নেইমারকে পূর্ণ ফিট হয়েই দলে আসতে হবে। গতকাল রাতে দল ঘোষণার সময় আনচেলত্তি বলেন, নেইমার এখনো পুরোপুরি ফিট নয়। চূড়ান্ত দল এক বিষয়, আর এই মুহূর্তের প্রীতি ম্যাচগুলো আরেক বিষয়। এখন আমার দরকার পুরোপুরি ফিট খেলোয়াড়।
২০২৩ সালের অক্টোবরে হাঁটুতে চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন, এরপর আর গায়ে চাপানো হয়নি হলুদ জার্সি। সান্তোসের হয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন বটে, গত সোমবার একটা গোলে সহায়তাও করেছেন; কিন্তু সেই পুরোনো দেখা যাচ্ছে না।
বাংলাদেশ সময় আগামী ২৬ মার্চ রাতে বোস্টনে ফ্রান্সের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলবে ব্রাজিল। আর ১ এপ্রিল সকাল ৬টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে অরল্যান্ডোতে।
দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দল-
গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, এডারসন।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালাইস, ইবানিয়েজ, লিও পেরেইরা, মার্কুইনোস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো বারবোসা, ফাবিনিও, গ্যাব্রিয়েল সারা।
ফরোয়ার্ড: এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রাফিনহা, রায়ান ভিটর, ভিনিসিয়ুস জুনিয়র।
বিভি/এজেড



মন্তব্য করুন: