ভিনির জোড়া গোলে ‘মাদ্রিদ ডার্বি’তে রিয়ালের মধুর প্রতিশোধ
ঘরের মাঠে আতলেতিকোর বিপক্ষে 'মাদ্রিদ ডার্বি' জিতে মধুর প্রতিশোধ নিলো রিয়াল। রবিবার স্প্যানিশ লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে পিছিয়ে পড়ে মাদ্রিদ জায়ান্টদের জয় ৩-২ ব্যবধানে। ভিনিসিউস জুনিয়র জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ন অবদান রাখেন।
আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে আতলেতিকোর মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়া রিয়াল এদিন সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩৩ মিনিটে পিছিয়ে পড়ে। অ্যাতলেতিকোর গোলদাতা নাইজেরিয়ার ফরোয়ার্ড আদেমোলা লকুমান।
গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের সেমিতে নগর প্রতিদ্বন্দ্বীকে ২-১'এ হারানো রিয়াল বিরতির পর গোল শোধ দেয়। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন ভিনিসিউস। তিন মিনিটের মধ্যে রিয়ালকে এগিয়ে নেন ফেদেরিকো ভালভের্দে। ৬৪ মিনিটে একসঙ্গে কিলিয়ান এমবাপ্পে ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার আর্নল্ডকে বদলি নামান রিয়াল কোচ।
এর পরপরই অ্যাতলেতিকোর আর্জেন্টাইন ডিফেন্ডার মোলিনার ২৫ গজ দূর থেকে নেওয়া শট ঠিকানা খুঁজে পায়। ৭২ মিনিটে ভিনিসিউস ফের গোল করে পার্থক্য গড়ে দেন। দুই মিনিট পরেই ভালভের্দে ফাউল করে লাল কার্ড দেখেন।
বাকি সময়ে প্রবল চাপ তৈরি করেও খেলায় ফিরতে পারেনি আতলেতিকো। ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ লিডার বার্সার সঙ্গে ব্যবধান ফের চার পয়েন্টে কমিয়ে আনলো রিয়াল। অ্যাতলেতিকো ৫৭ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়ালের কাছে এক পয়েন্ট পেছনে পড়ে লিগ টেবিলের চারে রয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: