• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

দ্বিতীয়ার্ধে জাল অক্ষত রেখেও ৩-০ গোলে হারলো বাংলাদেশ

প্রকাশিত: ২১:০৭, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
দ্বিতীয়ার্ধে জাল অক্ষত রেখেও ৩-০ গোলে হারলো বাংলাদেশ

কয়েক মাস বিরতির পর আবারও আন্তর্জাতিক ফুটবল খেলতে মাঠে নেমে হতাশই হলো বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। যদিও ম্যাচের শুরুতে বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। প্রথমার্ধেই তিন গোল হজম করে তারা। দ্বিতীয়ার্ধে গোলপোস্ট অক্ষত রেখেছিল হামজা চৌধুরীরা। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে শুরু হওয়া ম্যাচের ৮ মিনিটে সেট পিস থেকে ভিয়েতনাম গোলমুখ খোলে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জাল কাঁপান তুয়ান হাই। এর ৯ মিনিট পর এনগুয়েন হোয়াংয়ের ভলি রুখে দেন বাংলাদেশি কিপার শ্রাবণ।

তবে ১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে গোল আদায় করে ভিয়েতনাম। শ্রাবণকে পরাস্ত করেন দো দুই মাহন। বিরতির আগে ৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে বল নিয়ে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান।

বিরতির পর ফিরে সাত মিনিট পার হতেই শ্রাবণকে একা পেয়েছিলেন রাফায়েলসন। বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় পেছনে ফিরে তা ঠেকিয়ে দিলে কর্নার হয়।  ৬০ মিনিটে বাংলাদেশ শট নিয়েছিল লক্ষ্যে। বিরতির পর বদলি নামা শাহরিয়ার ইমনের শট ব্লক করে স্বাগতিকরা।

৯ মিনিট পর হামজার একটি পাস কেড়ে নিয়ে শট নেন খুয়াত ফন খাং। কিন্তু বল লাগে বারে। কয়েক সেকেন্ড পর ভিয়েতনামের এই খেলোয়াড় শ্রাবণকে একা পেলেও শট নিতে ব্যর্থ হন।

৭৭ মিনিটে শেষ মুহূর্তে তপু জুনিয়র ব্লক করে ফেরান রাফায়েলকে। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলারকে আবার গোলবঞ্চিত করে বাংলাদেশ। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট একটুর জন্য জালে জড়ায়নি। চার মিনিট পর দো হোয়াংয়ের একটি শট গোলবারে লাগলে চতুর্থ গোলের দেখা পায়নি স্বাগতিকরা। 

চার দিনের মধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিভি/এজেড

মন্তব্য করুন: