• NEWS PORTAL

  • সোমবার, ৩০ মার্চ ২০২৬

উল্টোপথে হাঁটলো ভারতীয় কোম্পানি, বাতিল করলো বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি

প্রকাশিত: ১৮:০৩, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ১৮:০৩, ৩০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
উল্টোপথে হাঁটলো ভারতীয় কোম্পানি, বাতিল করলো বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার যখন পুনর্বিবেচনা করছে, তখন উল্টো পথে হাঁটলো ভারতের বিলিয়নিয়ার মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিওস্টার। বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল করেছে প্রতিষ্ঠানটি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক খবরে জানিয়েছে,  অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে, কূটনৈতিক প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের জেরে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। গত জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়া হয়।

পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়ে এবং শেষ পর্যন্ত দলটি টুর্নামেন্টে অংশ নিতে পারেনি। এসব ঘটনার ফলে দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ে।

তিক্ততা কাটিয়ে কয়েকদিন আগেই সম্প্রচার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সরকার। কিন্তু ভারতীয় প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কোনো চ্যানেলে দেখা যাবে না এবারের আইপিএলের ম্যাচগুলো।

জিওস্টার জানায়, বাংলাদেশের সম্প্রচার প্রতিষ্ঠান টি-স্পোর্টসের সঙ্গে তাদের চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। ২০২৩–২০২৭ সময়কালের জন্য টি-স্পোর্টস আইপিএলের মিডিয়া স্বত্ব জিওস্টারের কাছ থেকে সাব-লাইসেন্স নিয়েছিল। একই ধরনের অর্থ পরিশোধে ব্যর্থতার কারণ দেখিয়ে নারী প্রিমিয়ার লিগের সম্প্রচার চুক্তিও বাতিল করার কথা জানানো হয়। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত