বাংলাদেশ সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন পেসার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার— যারা ইনজুরির কারণে দীর্ঘ সময় ছিলেন মাঠের বাইরে।
চোটের কারণে বেশ কিছু দিন ধরেই মাঠের বাইরে ছিলেন এই তিন পেসার। তবে একসঙ্গে তাদের প্রত্যাবর্তনে কিউইদের পেস আক্রমণ আরও শক্তিশালী হয়ে উঠেছে। উইল ও’রুর্ক ভুগছিলেন পিঠের চোটে, ব্লেয়ার টিকনারের ছিল গোড়ালির সমস্যা, আর ম্যাট ফিশারও ইনজুরির কারণে কিছুদিন খেলতে পারেননি।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার এ বিষয়ে বলেন, ‘গত কয়েক মাস ধরে উইল, ব্লেয়ার ও ম্যাট নিজেদের ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছে। তাদের আবার দলে পেয়ে আমরা সত্যিই খুশি। আধুনিক ক্রিকেটে ব্যস্ত সূচির কারণে শক্তিশালী বোলিং রিজার্ভ থাকা খুবই গুরুত্বপূর্ণ।’
সাদা বলের দলে আবারও জায়গা করে নিয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। সাম্প্রতিক ঘরোয়া মৌসুমে তার পারফরম্যান্স ছিল দারুণ— ফোর্ড ট্রফিতে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তিনি ছিলেন আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক।
এদিকে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এনওসি নিয়ে আইপিএলে অংশ নেওয়ায় বাংলাদেশ সফরে দলের নেতৃত্ব দেবেন টম লাথাম। স্যান্টনারের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই অনেকের জন্য বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক ও বেন সিয়ার্স। অন্যদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা জেডেন লেনক্স রয়েছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়। আগামী ১৩ এপ্রিল বাংলাদেশের পথে রওনা দেবে কিউইরা। প্রধান কোচ রব ওয়াল্টারের সঙ্গে কোচিং স্টাফে থাকবেন জনি বাসেট-গ্রাহাম, ব্রেন্ডন ডঙ্কার্স এবং জশ টাসমান-জোন্স।
সাদা বলের এই দ্বিপাক্ষিক সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে নিউজিল্যান্ড দল।
১৭ এপ্রিল মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২০ এপ্রিল গড়াবে দ্বিতীয় ওয়ানডে। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দুই দল যাবে চট্টগ্রামে, সেখানে ২৩ এপ্রিল হবে সিরিজের শেষ ম্যাচ।
একনজরে নিউজিল্যান্ডের স্কোয়াড-
ওয়ানডে: টম লাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
টি-টোয়েন্টি: টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।
বিভি/এসজি



মন্তব্য করুন: