শেষ ম্যাচেও হতাশা, সিঙ্গাপুরের কাছে হার!
জয় দিয়ে এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বের মিশন শেষ করতে পারলো না বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে ১-০ গোলে হেরেছে লাল সবুজের দেশ। সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে গ্রুপে দ্বিতীয় হওয়ার সুযোগ ছিলো বাংলাদেশের। সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে সেই লক্ষ্য নিয়ে মাঠে নেমে আক্রমণাত্মক ফুটবলই খেলেছে হামজা-মোরসালিনরা।
ম্যাচে হ্যাভিয়ের কাবরেরার দলের প্রধান্য ছিলো সুস্পষ্ট। কিন্তু খেলার ধারা বিপক্ষে রক্ষণভাগের ভুলে ৩১ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৩১তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এগিয়ে যায় সিঙ্গাপুর। বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিন সিঙ্গাপুরের ফরোয়ার্ডকে আটকাতে পারেননি। যদিও প্রথম প্রচেষ্টায় নেয়া শট গোলরক্ষক মিতুল মারমা সাময়িক প্রতিহত করেন। কিন্তু ফিরতি বলে বক্সে বাংলাদেশের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে পারেননি। সেই সুযোগে এগিয়ে যায় সিঙ্গাপুর। তবে এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করেছে বাংলাদেশ। কিন্তু প্রাপ্ত সুযোগ গুলো কাজে লাগাতে পারেনি শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিমরা।
দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরের ওপর একের পর এক চাপ সৃষ্টি করেও ম্যাচে ফিরতে পারেনি। এই ম্যাচে রক্ষনভাগের মত আক্রমণ ভাগে ফিনিশিংয়ের দুর্বলতা প্রকট হয়ে উঠেছে। এই জয়ে ৬ ম্যাচে ৪ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পরাজিত থেকেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর। অন্যদিকে ৬ ম্যাচে ১ জয় এবং ৩ পরাজয়, চার দলের গ্রুপে তৃতীয় হয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ।
বিভি/এমআর



মন্তব্য করুন: