• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য ফাইনালে ওঠা: লিটন দাস

প্রকাশিত: ২১:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য ফাইনালে ওঠা: লিটন দাস

এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য ফাইনালে ওঠা বলে জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস। ফাইনালে উঠতে পারলে স্বর্ণপদক জয়ের সুযোগ তৈরি হবে—তাই আপাতত ম্যাচ ধরে এগিয়ে ভালো পারফরম্যান্সের দিকেই মনোযোগ দলের।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, এশিয়ান গেমসে এবারই প্রথম খেলার সুযোগ পাচ্ছেন তিনি। জাতীয় দলের হয়ে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি এমন একটি বহু-খেলার আসরে অংশ নেওয়াকে বড় অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি। স্বর্ণপদকের সুযোগ থাকায় দলের ক্রিকেটাররাও এ আসর নিয়ে রোমাঞ্চিত বলে জানান লিটন।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট খেলার সম্ভাবনাও রয়েছে। তবে এখনই অলিম্পিক নিয়ে না ভেবে এশিয়ান গেমসের প্রতিটি ম্যাচে মনোযোগ দিতে চান বাংলাদেশ অধিনায়ক। লিটন দাস বলেন, আগে এই আসরে ভালো করতে হবে। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে ফাইনালে পৌঁছানোই দলের প্রধান লক্ষ্য। ফাইনালে উঠতে পারলে স্বর্ণপদক জয়ের সুযোগ তৈরি হবে।

এশিয়ান গেমসে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাও দেখার এবং বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের সঙ্গে মেশার সুযোগকে ইতিবাচকভাবে দেখছেন লিটন দাস। বিকেএসপিতে পড়াশোনার সময় থেকেই অন্যান্য খেলাধুলার সঙ্গে পরিচিতি রয়েছে তার। বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তার কারণে ক্রিকেটারদের সাফল্য অন্য খেলাগুলোর প্রতিও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন তিনি। দেশের অন্য খেলাগুলোর উন্নয়নে নিজেদের জায়গা থেকে সহযোগিতা করার আগ্রহের কথা জানান লিটন।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে দেশের জন্য কিছু করতে পারা বড় বিষয়। ক্রিকেটারদের মাধ্যমে অন্য কোনো খেলার উন্নয়ন বা নতুন সুযোগ তৈরি হলে তারা সেটির চেষ্টা করবেন। লিটন দাসের মতে, এশিয়ান গেমসের পরিবেশ দ্বিপাক্ষিক সিরিজ বা বিশ্বকাপের চেয়ে কিছুটা ভিন্ন হলেও দলের মূল মনোযোগ থাকবে মাঠের পারফরম্যান্সে। ভালো খেলে ফাইনালে ওঠার পাশাপাশি সেখান থেকে স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়েই এগোতে চান তারা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: