• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আইপিএল ২০২৭-এর নিলাম কখন-কোথায়, জানালো বিসিসিআই

প্রকাশিত: ২১:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আইপিএল ২০২৭-এর নিলাম কখন-কোথায়, জানালো বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম কোথায় ও কবে অনুষ্ঠিত হবে, তা জানা গেছে। আগামী ডিসেম্বর মাসে ভারতের গোয়ায় বসবে আইপিএলের নিলাম। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া। ২০২২ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম ভারতের মাটিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিসিসিআই সচিব জানান, গত বছর সৌদি আরব, দুবাই ও আবুধাবিতে আইপিএলের নিলাম আয়োজন করা হয়েছিল। এবার ডিসেম্বর মাসে গোয়ায় নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩-২৭ চক্রের এটিই হবে শেষ মিনি-নিলাম।

এর আগে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন, চলতি বছরের নিলাম ভারতে আয়োজনের চেষ্টা করা হচ্ছে। তবে বিয়ের মৌসুমের কারণে প্রতিবছর উপযুক্ত ভেন্যু পাওয়া কঠিন হয়ে পড়ে। এবার নিলামটি তুলনামূলক ছোট হওয়ায় ভারতে আয়োজনের বিষয়ে আশাবাদী ছিল আইপিএল কর্তৃপক্ষ।

নিলামের আগেই দলবদলের বাজারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত আবার দিল্লি ক্যাপিটালসে ফিরছেন। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে দুই মৌসুম কাটানোর পর দিল্লিতে ফিরবেন তিনি। বিপরীতে লখনউয়ে যোগ দিয়েছেন লেগ স্পিনার কুলদীপ যাদব। তাকে ১৩ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে লখনউ।

লখনউয়ের হয়ে পন্তের গত দুই মৌসুম প্রত্যাশামতো কাটেনি। ২০২৫ মৌসুমে ১৩ ম্যাচে ২৬৯ রান করেন তিনি, যা ২০১৬ সালে অভিষেকের পর তার সবচেয়ে কম রান। ওই মৌসুমে তার স্ট্রাইক রেট ছিল ১৩৩.১৬ এবং ব্যাটিং গড় ২৪.৪৫। চলতি মৌসুমেও খুব বেশি উন্নতি হয়নি; ২৮.৩৬ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৩১২ রান।

এদিকে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হিসেবে সাবেক ভারতীয় পেসার জহির খানকে নিয়োগ দেওয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্সকে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অজিঙ্কা রাহানে অবসর নেওয়ায় দলটিতে অধিনায়কত্বের পরিবর্তন আসছে। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে জুবিন ভরুচাকে নিয়োগ দিয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিভি/পিএইচ

মন্তব্য করুন: