• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেসি অধ্যায় শেষ, স্কালোনির সামনে নতুন আর্জেন্টিনা গড়ার চ্যালেঞ্জ 

প্রকাশিত: ০৯:১৪, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মেসি অধ্যায় শেষ, স্কালোনির সামনে নতুন আর্জেন্টিনা গড়ার চ্যালেঞ্জ 

আর্জেন্টিনা ফুটবলে শেষ হয়েছে ‘লিওনেল মেসি’ অধ্যায়। এবার সামনে তাকানোর পালা। সেই পথচলার প্রথম বড় ধাপ হতে যাচ্ছে নভেম্বরে বছরের শেষ আন্তর্জাতিক উইন্ডো। কোচ লিওনেল স্কালোনির সামনে মেসি পরবর্তী যুগের দল পুনর্গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অক্টোবরে আর্জেন্টিনা তিন ম্যাচের একটি সিরিজ শেষ করেছে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়ে শুরু হয়েছিলো সেই সিরিজ। তিন দিন পর বুয়েন্স আইরেসে বুর্কিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সিরিজের শেষ ম্যাচটি হয় বুধবার। স্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে মেসিকে ‘বিদায়’ জানানোর ম্যাচটি ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটি গোল এবং জোড়া অ্যাসিস্টে রাঙ্গিয়েছেন ৩৯ বছরের ফুটবল মহাতারকা। এই ম্যাচ দিয়ে দুই দশকেরও বেশি সময় জাতীয় দলের জার্সি গায়ে দেওয়া মেসির আর্জেন্টিনা অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। 

মেসিকে বিদায় জানিয়ে আর্জেন্টিনা এখন নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কোচ লিওনেল স্কালোনিকে এবার দলের ভেতর থেকে নতুন নেতৃত্ব ও নতুন প্রতিনিধি খুঁজে নিতে হবে। সেই পথচলার শুরুটা হবে নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে। যা চলবে ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। এই সময়ে স্কালোনির দল দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে। নতুন মুখ, নতুন নেতৃত্ব আর নতুন স্বপ্ন নিয়ে পরবর্তী চক্রের দল গড়ে তোলার সেই দায়িত্ব স্কালোনির সামনে। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত