• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সাদদের নাইট ক্লাব কাণ্ড: তদন্তের দায়িত্বে বাফুফে সভাপতি

প্রকাশিত: ০০:২২, ১৩ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:২৩, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাদদের নাইট ক্লাব কাণ্ড: তদন্তের দায়িত্বে বাফুফে সভাপতি

ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-০ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার-সাদ উদ্দিন ও সোহেল রানার নাইট ক্লাবে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ফুটবলাঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হলে বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল ঘটনাটি নিজে তদন্ত করার ঘোষণা দেন। জাতীয় দল কমিটির সভা শেষে তিনি জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে তিনি খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে বসবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সুপারিশ করবেন।

আসিয়ান কাপে তিন ম্যাচে ১৩ গোল হজম করলেও ইতিবাচক দিক খোঁজার চেষ্টা করছেন বাফুফে সভাপতি। তবে ব্যর্থতার দায় থেকে কাউকে ছাড় না দেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি জানান, টুর্নামেন্টের পারফরম্যান্স পর্যালোচনায় কোচিং স্টাফ, খেলোয়াড় এবং ম্যানেজমেন্টসহ প্রতিটি বিভাগকেই জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দের অননুমোদিত ‘ক্ষ্যাপ’ খেলার বিষয়ে কড়া অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে তাবিথ আউয়াল জানান, অতীতে ছাড় দেওয়া হলেও এখন বিষয়টি খতিয়ে দেখা হবে এবং খেলোয়াড়দের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে।

ভবিষ্যৎ ফুটবল উন্নয়নের পরিকল্পনা হিসেবে অনূর্ধ্ব-২০ দলকেও ফিফা উইন্ডোতে দেশে-বিদেশে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তাদেরকে পরবর্তী জাতীয় দল হিসেবে তৈরি করা যায়। এছাড়া ১৪-১৭ বছর বয়সী প্রবাসী প্রতিভাদের খোঁজে ইংল্যান্ড ও ইউরোপে বছরে দুটি ক্যাম্প ও টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের।

এদিকে আগামী ৪ নভেম্বর ঢাকায় বসতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৫ অক্টোবর থেকে ক্যাম্প শুরু হবে। তবে ফিফা উইন্ডো ৯ নভেম্বর থেকে শুরু হওয়ায় প্রথম ম্যাচে প্রবাসী মূল খেলোয়াড়দের পাওয়া যাবে না। টুর্নামেন্টের আগে একটি প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি চলমান ঘরোয়া লিগের নিম্নমানের মাঠগুলো পরবর্তী রাউন্ড থেকেই উন্নত করার আশ্বাস দেওয়া হয়েছে।

বিভি/একেএম/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত