টেস্ট চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াই, টাইগারদের সামনে বড় চ্যালেঞ্জ
ফাইল ছবি
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে বুধবার (২৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের ঘটনাপ্রবাহ নিয়েই বেশি ভাবতে হচ্ছে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সকে। তারপরও সিরিজে ভালো করার প্রত্যাশা তার। অন্যদিকে, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের শেষ সিরিজটি স্মরণীয় করে রাখতে চান ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি।
বাংলাদেশের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন এখনো বেঁচে আছে। পথটা কঠিন, তবে অসম্ভব নয়। স্বপ্ন পূরণ করতে হলে কঠিন সমীকরণ মেলানোর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভালো ফল করতে হবে টাইগারদের। অথচ এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের ঘটনাই বেশি আলোচনায়।
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও স্বীকার করেছেন, চারপাশে যা ঘটছে, তা স্বাভাবিক নয়। তবে তার মতে, বাংলাদেশ ক্রিকেটে এমন বিশৃঙ্খলা নতুন কিছু নয়।
তারপরও মাঠের বাইরের ঘটনাগুলো মাঠের খেলায় প্রভাব ফেলুক, তা চান না টাইগারদের কোচ। বাইরের সব চাপ পেছনে ফেলে ক্রিকেটারদের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চান তিনি। গুরুত্বপূর্ণ এই সিরিজে ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী সিমন্স।
অন্যদিকে, বাংলাদেশের তুলনায় অনেকটাই নির্ভার ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার কিংবা শীর্ষ পাঁচে থাকার সম্ভাবনা না থাকায় এই সিরিজে তাদের হিসাব-নিকাশও আলাদা। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটিই ক্যারিবীয়দের শেষ সিরিজ। তাই জয় দিয়ে চক্র শেষ করে সিরিজটিকে স্মরণীয় করে রাখতে চান সামি।
ফাইনালের দৌড়ে না থাকলেও সাম্প্রতিক ফর্মে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, নানা সমালোচনা ও মাঠের বাইরের চাপের মধ্যেও ভালো করার প্রত্যাশা বাংলাদেশের কোচের। এখন সেই প্রত্যাশার প্রতিফলন মাঠের পারফরম্যান্সে কতটা দেখা যায়, সেটিই দেখার অপেক্ষা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: