ইতিহাস গড়ে প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন ইতিহাস। ক্লাব ও জাতীয় দলের হয়ে গোলের বন্যা বইয়ে দেওয়ার স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো বর্ষসেরার মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর জিতেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন ৩৩ বছর বয়সী কেইন। নারী ফুটবলে তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস।
সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো অনুষ্ঠানে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর ব্যালন ডি’অর ২০২৬ পুরস্কার তুলে দেওয়া হয় কেইনের হাতে। সাংবাদিকদের ভোটে নির্বাচিত হন তিনি।
৩০ জনের লড়াইয়ে দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার ও বিশ্বকাপজয়ী লামিনে ইয়ামাল। তবে উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন ইয়ামাল, টানা তৃতীয়বারের মতো পেয়েছেন এই স্বীকৃতি।
দুই যুগ পর পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন কেইন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আটটি গোল করিয়েছেন তিনি।
বায়ার্ন মিউনিখের বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ইংলিশ স্ট্রাইকার। ক্লাবের হয়ে করেছেন ৬১ গোল, আর ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ১২।
নারী ফুটবলে তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার অধিনায়ক অ্যালেক্সিয়া পুতেয়াস। গত মৌসুমে ক্লাবের চারটি শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান রাখা ৩২ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার এর আগে ২০২১ ও ২০২২ সালে পুরস্কারটি জিতেছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: