• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

দেশের সব ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ২০:২৮, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দেশের সব ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি এলাকায় তরুণ-যুবক রয়েছে। তাদের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে চাই। পর্যায়ক্রমে দেশের সব ইউনিয়নে আগামী পাঁচ বছরের মধ্যে একটি করে খেলার মাঠ প্রস্তুত করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন কুড়ির মাধ্যমে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের অন্বেষণ করে তাদের মধ্য থেকে আগামী জাতীয় খেলোয়াড় তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন কুড়ির প্রথম আসরে ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় আসরে অংশগ্রহণ করবে ১৬ লাখ ২৩ হাজার ক্রীড়াবিদ। আগামী ৫ নভেম্বর খুলনা স্টেডিয়াম থেকে একযোগে ৫০৩টি উপজেলায় নতুন কুড়ি দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ প্রস্তুত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দেশের সবগুলো সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতারা এবং সরকারি কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারাও মাঠ তৈরিতে কাজ করছেন। ‌ 

সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ ও জেলা প্রশাসক মামুন খন্দকারসহ বিএনপির স্থানীয় নেতারা।

বরিশাল সিটি করপোরেশন প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে মহানগরীর ৩০টি ওয়ার্ড থেকে ১৪টি দল অংশগ্রহণ করে। ফাইনালে শেরেবাংলা একাদশ ২-০ গোলে তারুণ্যের উচ্ছ্বাস ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রতিমন্ত্রী ও সিটি করপোরেশনের প্রশাসক।

এদিকে আজ দুপুরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়ায় জেলা যুব উন্নয়ন অধিদফতরের আওতায় স্থাপিত একটি বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন ও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নিতে চায়। বায়োগ্যাসের ব্যবহার বাড়ানো গেলে রান্নার জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।

আমিনুল হক বলেন, বরিশালে এরইমধ্যে ৮১টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। উদ্যোক্তাদের কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে, আবার কেউ যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে এসব প্লান্ট গড়ে তুলেছেন। গরুর গোবরের তুলনায় হাঁস-মুরগির বিষ্ঠা থেকে বেশি গ্যাস উৎপন্ন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, বায়োগ্যাসের মাধ্যমে রান্নার জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের বিষয়েও সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের জ্বালানির চাহিদা পূরণ করতে পারবেন। উদ্বৃত্ত গ্যাস অন্যদের কাছে বিক্রি করে বাড়তি আয় করার সুযোগও রয়েছে। যুবসমাজকে স্বাবলম্বী করতে সরকার প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দক্ষ ফ্রিল্যান্সার তৈরিসহ যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো হচ্ছে।

বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপপরিচালক মোস্তাক উদ্দিন, সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু।

আলোচনা সভা শেষে আটজন উদ্যোক্তার মধ্যে মোট ৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত