ইজাজ-রশিদের দাপটে জিম্বাবুয়েকে ৩৭ রানে হারালো আফগানিস্তান
চাপের মুখে ঝড়ো ফিফটিতে রেকর্ড বইয়ে নাম তুললেন ইজাজ আহমদ আহমদজাই। ব্যাটে-বলে রশিদ খানও আলো ছড়ালেন। শারজায় মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে জিম্বাবুয়েকে ৩৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে আফগানিস্তান।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন ওভারের মধ্যে ১৮ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। সেখান থেকে ১২তম ৬৬ রান তুলতে আরও দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানরা। ইজাজ আহমদ সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে পাল্টা আক্রমণে ২০ বলে ফিফটি করেন। এই সংস্করণে যা আফগানিস্তানের হয়ে যৌথভাবে দ্রুততম ফিফটি। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মাদ নবি এবং হংকংয়ের বিপক্ষে আজমতউল্লাহ ওমারজাই ২০ বলে ফিফটি করেছিলেন। শাহিদুল্লাহ ৪২ বলে ৪৬ রানে ফেরার পর ইজাজ ২২ বলে ৫২ করে আউট হন। রশিদ খান ১০ বলে ৩০ করে ফেরেন। ১৯ ওভার পাঁচ বলে ১৭৭ রানে অলআউট হয় আফগানরা। শেষ ওভারে তিনটিসহ ৩১ রানে ৪ উইকেট নেন জিম্বাবুয়ের বাঁ-হাতি পেসার নিউম্যান নিয়ামুরি। রান তাড়ায় জিম্বাবুয়ে নিয়মিত উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৩২ রান করতে পারেন রায়ান বার্ল। ১৩ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সফলতম বোলার বাঁ-হাতি পেসার ফজলহাক ফারুকি। রশিদ লেগ স্পিনে ২০ রানে দুই উইকেট নেন। এই সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারির মোট উইকেট হলো ১৯৯টি। ১৭১ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ।
বিভি/এসজি













মন্তব্য করুন: