মুখ ঢেকে কথা বলায় বড় শাস্তি পেলেন নেইমার
প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়িয়ে মুখ ঢেকে কথার বলার শাস্তি পেয়েছেন নেইমার। ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালত ‘এসটিজেডি’ নেইমারকে দুই ম্যাচের এবং শৃঙ্খলা কমিটি লাল কার্ডের জন্য আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।
ঘটনাটি ঘটে গত রবিবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ সিরি-এ লিগে বাহিয়ার বিপক্ষে সান্তোসের ম্যাচে। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর আগে মাঠে ফিরে নেস্টরের সঙ্গে আবারও তর্কে জড়ান সান্তোস অধিনায়ক। এক পর্যায়ে মুখের ওপর হাত রেখে কিছু বলেন। সঙ্গে সঙ্গে রেফারির কাছে অভিযোগ জানান নেস্টর। ভিডিও পর্যালোচনা করে নেইমারকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, লাল কার্ড দেখার পরও শান্ত হননি নেইমার। নেস্টরের মুখোমুখি হতে বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান। এতে মাঠে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (২৮ অক্টোবর) শুনানিতে নেইমারের বিরুদ্ধে ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায় সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা না মানার অভিযোগ আনা হয়। শৃঙ্খলা কমিটির মতে, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে নির্ধারিত ‘ভিনি জুনিয়র প্রটোকল’–এর ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছে। মূলত বর্ণবাদী মন্তব্যসহ আপত্তিকর কথাবার্তা আড়াল করার উদ্দেশ্যে মুখ ঢেকে কথা বলার প্রবণতা ঠেকাতেই এই নিয়ম।
বিভি/এসজি













মন্তব্য করুন: