রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
আজারবাইজানের বাকুতে ইতিহাস গড়ছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ‘ই’ গ্রুপের সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকিটি নিশ্চিত করেছে বাংলাদেশ দল।
আট জনের দল নিয়ে (এইট-এ-সাইড) অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২০ মিনিট করে দুই অর্ধে খেলা হয়। টানটান উত্তেজনার এই ম্যাচে ম্যাচের ১৪তম মিনিটে আসে সেই সোনালী মুহূর্ত। দলের হয়ে জয়সূচক ও একমাত্র গোলটি করেন রাতুল, যা বাংলাদেশ দলকে পৌঁছে দেয় ফাইনালে।
এর আগে আজ দুপুরে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিলো বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলে ‘ই’ গ্রুপে টানা চার ম্যাচ জিতে ফাইনালে পৌঁছালো বাংলার দামাল ছেলেরা।
এবারের আসরে আজারবাইজানে বিশ্বের ১৮৯টি দেশ মোট ৩২টি গ্রুপে অংশ নিয়েছে। প্রাথমিক পর্বে বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম স্থান অর্জন করে। ফিফার নিয়ম অনুযায়ী, পঞ্চম স্থান অর্জনকারী ৩২টি দল নিয়ে শুরু হয় নকআউট পর্ব। সেখানে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এখন ট্রফি জয়ের লড়াইয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ।
বিভি/একেএম/এআই













মন্তব্য করুন: