• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

যে পরিসংখ্যানে মাঠে না নেমেও সাফের সেমিতে উঠতে পারে বাংলাদেশ

প্রকাশিত: ২১:১৯, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যে পরিসংখ্যানে মাঠে না নেমেও সাফের সেমিতে উঠতে পারে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াই এখন চূড়ান্ত উত্তেজনার পর্যায়ে। আগামীকাল টুর্নামেন্টে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। যদিও এই ম্যাচে মাঠে নামছে না স্বাগতিক বাংলাদেশ, তবে তাদের গ্রুপ সেমিফাইনালের ভাগ্য এবং টুর্নামেন্টের সমীকরণ অনেকটাই নির্ধারিত হয়ে যাবে রবিবারের (৮ নভেম্বর) এই দুই ম্যাচের মধ্য দিয়ে।

আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনালের টিকিট। যদি ভুটান এই ম্যাচে হারে, তবে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার, কারণ তিন দলের এই গ্রুপে ভুটানের গ্রুপ পর্বের দুটি ম্যাচই কাল শেষ হয়ে যাবে। আর যদি শ্রীলঙ্কা জেতে, তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান তিন। সেক্ষেত্রে দুই দলই সেমিফাইনালে চলে যাবে এবং ১১ নভেম্বর তাদের মধ্যকার ম্যাচটি হবে কেবল গ্রুপ সেরা নির্ধারণের লড়াই। 

যদি ম্যাচটি ড্র হয়, সেক্ষেত্রেও বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে। কারণ দুই ম্যাচ শেষে ভুটানের পয়েন্ট দাঁড়াবে মাত্র এক, যেখানে বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ে টেবিলে এগিয়ে থাকবে। তখন ১১ নভেম্বর শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হেরে গেলেও ভুটান এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে। তবে এই ড্রয়ের পর বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে এক গোলের বেশি ব্যবধানে হারায়, তখন অলৌকিক সমীকরণে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকতে পারে ভুটানের সামনে।

দিনের অন্য ম্যাচে আগামীকাল দুপুর সাড়ে তিনটায় মালদ্বীপের মুখোমুখি হবে পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে পাকিস্তানের সামনে জয়ের কোনো বিকল্প নেই। ম্যাচটি ড্র করলে তাদের তাকিয়ে থাকতে হবে ভারতের বিপক্ষে ম্যাচের দিকে, যেখানে মালদ্বীপের বিপক্ষে ভারতকে বড় ব্যবধানে জয় পেতে হবে।

এদিকে দর্শকদের মাঠে টানতে আগামীকালকের দুই ম্যাচের টিকিটের দামে ৫০ শতাংশ ছাড় দিয়েছে সাফ টুর্নামেন্টের স্বত্ব কেনা প্রতিষ্ঠান ‘টিএসএ’। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সজীব এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হাইভোল্টেজ ম্যাচের টিকিটের দাম কমানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

বিভি/এসকে/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত