শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের খাতা খুললো বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার যুবারা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান আসরে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ।
ওমানের আল আমেরাতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে নির্ধারিত ৫০ ওভার শেষ করতে পারেনি টাইগাররা। ৪৮.৪ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। এছাড়া ৮৩ বলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এসকে জারিফ সিয়াম। আর আব্দুল্লাহ আল মুহির ব্যাট থেকে আসে মূল্যবান ৩০ রান।
শ্রীলঙ্কার বোলিং আক্রমণে সফল ছিলেন সেথমিকা সেনেরিরত্নে, যিনি একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া গিমহান মেন্ডিস ৩টি এবং কউশিকা কুমারাসিংহে ২টি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১৬ রানেই প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এরপর একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পতনের মিছিল শুরু হলেও, অন্যপ্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন সেনুজা ওয়েকুনাগদার। তার লড়াকু ৮৫ রানের ইনিংস জয়ের স্বপ্ন দেখাচ্ছিল শ্রীলঙ্কাকে। তবে তিনি আউট হওয়ার পর ধস নামে লঙ্কান ইনিংসে; আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের জয়ের পথে বল হাতে দারুণ অবদান রাখেন বোলাররা। টাইগারদের পক্ষে রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: