হামজা-ফারহানদের হতাশায় ডুবিয়ে প্রথমবার ফাইনালে পাকিস্তান
একটিমাত্র ভুল, একটিমাত্র গোল! আর তাতেই শেষ হয়ে গেল ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন। গ্যালারিভর্তি দর্শকের গর্জন, লাল-সবুজের উন্মাদনা আর হামজা চৌধুরীকে ঘিরে থাকা আকাশছোঁয়া প্রত্যাশা—সবকিছু মুহূর্তেই ডুবে গেল বিষাদের অন্ধকারে। ঘরের মাঠে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে টমাস ডুলির দল।
ম্যাচের ঘড়িতে তখন ৮৬ মিনিট। নির্ধারিত সময় শেষ হয়ে অতিরিক্ত সময়ের রোমাঞ্চের প্রস্তুতি নিচ্ছিল ঢাকা জাতীয় স্টেডিয়াম। ঠিক তখনই বজ্রপাতের মতো আঘাত হানলেন পাকিস্তানের আবদুল সামাদ। বাঁ পায়ের নিচু শটে বল জড়িয়ে দিলেন বাংলাদেশের জালে। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল হাজারো দর্শক। যে পাকিস্তানকে হারিয়ে ২০০৫ সালে শেষবার সাফের ফাইনালে উঠেছিল বাংলাদেশ, একুশ বছর পর সেই পাকিস্তানই কেড়ে নিল ফাইনালের টিকিট। গ্রুপ পর্বে অপরাজিত থেকে এবং কোনো গোল হজম না করেই শেষ চারে উঠেছিল হামজারা। ভুটানকে ১-০ এবং শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর যে স্বপ্ন ডানা মেলেছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই সেই স্বপ্ন চুরমার হয়ে গেল।
ম্যাচটিতে প্রথম একাদশে রেকর্ড আটজন প্রবাসী ফুটবলার রেখেছিলেন কোচ টমাস ডুলি। চোটে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের বদলে শুকি ইতোফুসাকে নামান তিনি। অন্যদিকে, গ্রুপ পর্বের পর আরও পাঁচ প্রবাসী ফুটবলার যোগ দেওয়ায় বেশ শক্তিশালী হয়েই মাঠে নেমেছিল পাকিস্তান।
ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের আক্রমণে বেশ অস্বস্তিতে ছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে আলী উজাইরের জোরালো শট দক্ষতার সঙ্গে ঠেকান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। সেই ধাক্কা সামলে দ্রুতই পাল্টা আক্রমণে যায় স্বাগতিকরা। সপ্তম মিনিটে কাজেম শাহর শট ধরে ফেলেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। ২৩ মিনিটে আসে বাংলাদেশের ম্যাচের সবচেয়ে সুবর্ণ সুযোগ। শমিত সোমের হেড থেকে বল পেয়ে বাঁ পায়ে শট নিয়েছিলেন রাকিব হোসেন। কিন্তু পাকিস্তান অধিনায়ক আবদুল্লাহ ইকবাল গোললাইন থেকে তা ফিরিয়ে দিলে উল্লাসের অপেক্ষায় থাকা গ্যালারিতে নেমে আসে দীর্ঘশ্বাস।
৩২ মিনিটে কপাল জোরে বেঁচে যায় বাংলাদেশ। আলী উজাইরের ক্রস থেকে আবদুল সামাদের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে। বিরতির আগে রাকিবের শট ঠেকান ইউসুফ বাট, আর ভালো জায়গায় বল পেয়েও তা লক্ষ্যভ্রষ্ট করেন শুকি ইতোফুসা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও চলতে থাকে সমানে সমানে লড়াই।
৫৪ মিনিটে শমিত সোমের শট পাকিস্তানের রক্ষণে আটকে যায়। ৬২ মিনিটে শুকিকে তুলে নিয়ে ইব্রাহিমকে মাঠে নামান কোচ ডুলি। ৭৪ মিনিটে চোট পাওয়া আলী উজাইরের বদলি হিসেবে নামেন হাইয়ান খাট্টাক। কে জানত, এই বদলি খেলোয়াড়ই শেষ পর্যন্ত বাংলাদেশের সর্বনাশ ডেকে আনবে! ৭৬ মিনিটে আদিল নবীর শট এবং ৮৫ মিনিটে আলী খানের প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন গোলরক্ষক শ্রাবণ।
অথচ ঠিক তার পরের মুহূর্তেই ঘটে সেই মহাবিপর্যয়। শ্রাবণের একটি ভুল থ্রো সরাসরি চলে যায় খাট্টাকের পায়ে। তাঁর পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল কাঁপান আবদুল সামাদ। পুরো ম্যাচে যিনি দুর্দান্ত সেভ করে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিলেন, তাঁরই একটি দুর্ভাগ্যজনক ভুলে গুঁড়িয়ে যায় সব প্রতিরোধ।
ম্যাচের শেষ দিকে পরাজয় মেনে নিতে না পেরে গ্যালারির কয়েকজন সমর্থক মাঠে আতশবাজি ছুড়ে মারলে প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে। পরবর্তীতে খেলা শুরু হলে শেষ মুহূর্তে মরিয়া চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে কান্নায় ভেঙে পড়েন লাল-সবুজের ফুটবলাররা, আর গ্যালারিতে নেমে আসে গভীর শোকের নীরবতা।
এদিকে দিনের অন্য সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড ১৪তমবারের মতো ফাইনালে উঠেছে ভারত। আগামী ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ইতিহাস গড়া পাকিস্তান। আর এত প্রবাসী তারকা, দারুণ প্রস্তুতি ও কোটি সমর্থকের স্বপ্ন নিয়ে লড়াই করেও বাংলাদেশ পেল কেবলই একুশ বছর পুরোনো আক্ষেপ আর আরও একটি হৃদয়ভাঙা রাতের স্মৃতি।
বিভি/এসকে/পিএইচ













মন্তব্য করুন: