• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টালমাটাল ব্যাটিং লাইনে প্রতিরোধ গড়লো তানজিদ-হৃদয় জুটি

প্রকাশিত: ১৭:৩৪, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টালমাটাল ব্যাটিং লাইনে প্রতিরোধ গড়লো তানজিদ-হৃদয় জুটি

অভিষেক ম্যাচ খেলতে নেমে কাগিসো রাবাদার করা প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন মাহফিজুল ইসলাম রবিন। এরপর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর বিদায়ে ২২ রানেই বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। শুরুর ঝড় সামলে হাফসেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। তাওহীদ হৃদয়ের সঙ্গে জুটি বেঁধে ৯৯ রান করলে ৩৪.২ ওভারে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১২১ রান।

টেস্টে দ্বিতীয় হাফসেঞ্চুরি পূর্ণ করা তানজিদ তামিম ১০৮ বলে ১২টি চারের বাউন্ডারিতে ৬৭ রান করে রাবাদার বলে বোল্ড আউট হন এবং হৃদয় ৬৬ বলে ৩৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের সর্বশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন হৃদয়।

এর আগে জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। কিন্তু তার শুরুটাই হয়তো তিনি ভুলে যেতে চাইবেন। কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম বলেই তিনি গালিতে ক্যাচ দিয়েছেন মার্কো জানসেনের হাতে। এ নিয়ে টেস্টে মাত্র চতুর্থ এবং বাংলাদেশের প্রথম অভিষিক্ত ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম বলে ফিরলেন রবিন।

এরপর ৭ বলে রানের খাতা খোলার আগেই রাবাদার হালকা বাউন্স হওয়া বলে উইকেটের পেছনে ধরা পড়লেন মুমিনুল হক। ডিফেন্ড করতে চাইলেও বল তার ব্যাট ছুঁয়ে যায়। তিনে নামা অধিনায়ক শান্তকে ইতিবাচক মনে হয়েছিল, কিন্তু রাবাদার ইনসুইংয়ে বোকা বনে গেছেন তিনি। তার ড্রাইভ খেলতে চাওয়া ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্প উপড়ে কয়েক পাক খেয়ে পড়ে। ২৩ বলে ১২ রান করেন শান্ত।

তানজিদ আউট হওয়ার পর রাবাদার একই ওভারে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন নির্ভরযোগ্য মুশফিক। অভিজ্ঞ মুশফিক বিদায় নিলে বাংলাদেশ ইনিংস কিছুটা ব্যাকফুটে গেলেও লিটন দাসকে নিয়ে আবারও জুটি গড়তে চাইবেন হৃদয়।

বিভি/এসকে/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত