স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামিয়ে গ্রুপসেরা ইংল্যান্ড
অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড। মাদ্রিদে রবিবার (১৫ নভেম্বর) উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর লড়াইয়ে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
দুই দল আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে এদিন গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয় তারা। ম্যাচের শুরু থেকেই স্পেনকে চাপে রাখে ইংল্যান্ড। প্রথমার্ধের শেষ দিকে এগিয়েও যায় সফরকারীরা।
৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। ডি-বক্সে পাউ কুবার্সির ফাউলের শিকার হয়েছিলেন তিনি নিজেই।
দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। ৫৩ মিনিটে ডেক্লান রাইসের কর্নার থেকে হেডে গোল করেন এজরি কন্সা। এর চার মিনিট পর জুড বেলিংহামের পাস থেকে ব্যবধান ৩-০ করেন বেন হোয়াইট।
তবে ৬৫ মিনিটে ম্যাচে নতুন মোড় আসে। ডি-বক্সে লামিনে ইয়ামালকে পেছন থেকে টেনে ফেলে দেওয়ায় লাল কার্ড দেখেন ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন। পেনাল্টি থেকে গোল করে স্পেনের ব্যবধান কমান মিকেল ওইয়ারসাবাল।
গোল পেয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া স্পেন ৭৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায়। ইয়ামালের পাস থেকে লক্ষ্যভেদ করেন নিকো উইলিয়ামস। এরপর বাকি সময়ে একের পর এক আক্রমণ চালালেও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে টুখেলের দল। ছয় ম্যাচে স্পেনের সমান ১৫ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ইংল্যান্ড।
বিভি/ওটিপি/পিএইচ













মন্তব্য করুন: