দুই সেঞ্চুরি ও দলীয় ৪০০: দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের ইতিহাস
দুই রানে দুই উইকেট, ২২ রানে ৩টি। এই স্কোর বোর্ড থেকে দলীয় ৪০০ রান ছুঁয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টের এক ইনিংসে দুটি সেঞ্চুরির রেকর্ডও এসেছে এই ইনিংসে। এতেই জোহানেসবার্গ টেস্টে ইতিহাস গড়ল বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সফরকারীদের দলীয় সংগ্রহ স্পর্শ করল ৪০০ রান। আর এতেই নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে টাইগাররা দলীয় ৪০০ রানের দেখা পেল।
রেকর্ডটি গড়ার সঙ্গে সঙ্গেই যদিও নিজেদের শেষ ও দশম উইকেটটি হারাল বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে স্বাগতিকদের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে মধ্যহ্ন বিরতিতে গেল নাজমুল শান্তর দল।
এর আগে আফ্রিকার মাটিতে একটিমাত্র সেঞ্চুরি ছিল মাহমুদুল হাসান জয়ের। এরপর এক ইনিংসেই এলো দুটি শতক।
এই টেস্টে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে ১৩৭ এবং লিটনের ব্যাট থেকে ১২০ রান। বাকিদের মধ্যে তানজিদ তামিম ৬৭ রান করেছেন। আফ্রিকার হয়ে বল হাতে রাবাদা ৫টি, ডেন পিটারসন ৪টি উইকেট নেন।
এই স্টেডিয়ামে কোনো দল কখনো প্রথম ইনিংসে ৩২০ এর বেশি রান করে হারেনি। প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করা দল মোট ১২ বার জয়ের দেখা পেয়েছে, এছাড়া ৭ বার ম্যাচ ড্র হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: