নেদারল্যান্ডসের কাছে হারলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় ডাচ মেয়েরা। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
দলের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ওপেনার দিলারা আক্তার, যিনি ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৫১ রান করেন। এছাড়া দলের অন্যান্য ব্যাটারদের মধ্যে অধিনায়ক নিগার সুলতানা ২০ রান এবং স্বর্ণা আক্তার ১৯ রান করেন। নেদারল্যান্ডসের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন হেদার সিগার্স, যিনি মাত্র ২১ রান খরচ করে গুরুত্বপূর্ণ ৪টি উইকেট তুলে নেন।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেদারল্যান্ডস। তবে শুরুর সেই বিপর্যয় সামলে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার স্টেরি কালিস। তিনি দারুণ এক ইনিংস খেলে ৫০ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিলো ৮টি চারের মার। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ফ্রেডেরিক ওভারডাইক ১১ বলে অপরাজিত ১২ রান করে জয় নিশ্চিত করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান, যিনি ২২ রান খরচ করে ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলা ১টি করে উইকেট লাভ করেন।
বিভি/একেএম/এআই













মন্তব্য করুন: