• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‘অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে আয়োজন করতে চায় বিসিবি’

প্রকাশিত: ০৮:৪৬, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৫৪, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে আয়োজন করতে চায় বিসিবি’

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটে অংশ নিতে চায় বাংলাদেশ। একই সঙ্গে অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব ঢাকায় সুষ্ঠুভাবে আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের একটি সেমিফাইনালও বাংলাদেশে আয়োজন করতে চায় বিসিবি। এসব পরিকল্পনার কথা জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এ সময় দেশের বিভিন্ন শহরে বিসিবির উদ্যোগে নতুন ক্রিকেট একাডেমি চালুর ঘোষণাও দেন বোর্ড সভাপতি।

১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর। অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্বে নারী ক্রিকেটের আয়োজক স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র এবং পুরুষ ক্রিকেটের আয়োজক বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজনের সুযোগ বাংলাদেশের জন্য বড় গৌরবের বিষয় বলে মন্তব্য করেন তামিম ইকবাল।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিসিবি সভাপতি। ওই বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও বাংলাদেশ।

এর আগে ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। সেবার দেশের মাটিতে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হলেও সেমিফাইনাল আয়োজনের সুযোগ পায়নি বাংলাদেশ। এবার সেই সুযোগ পেতে চায় বিসিবি।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে দর্শকদের আগ্রহ বাড়াতে আসন্ন এশিয়া কাপের আগে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি।

এ ছাড়া আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) সাদা বলের ক্রিকেটের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও বাংলাদেশের ম্যাচের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন তামিম ইকবাল।

দেশের ক্রিকেটের উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সাতটি শহরে বিসিবির উদ্যোগে ক্রিকেট একাডেমি চালু করা হবে। এসব একাডেমিতে খেলোয়াড়দের বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান বোর্ড সভাপতি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত