• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সেঞ্চুরিয়নে প্রথম দিনে ব্যাটিং ধসের পর বোলিংয়েও ব্যর্থতা বাংলাদেশের

প্রকাশিত: ০০:০৭, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:০৭, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সেঞ্চুরিয়নে প্রথম দিনে ব্যাটিং ধসের পর বোলিংয়েও ব্যর্থতা বাংলাদেশের

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই হতাশ করেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা মাঠে গড়ায়নি, আর বাকি দুই সেশনও ব্যাটিং করে কাটাতে পারেনি সফরকারীরা। প্রোটিয়া পেসারদের গতি ও বাউন্সের সামনে নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা অসহায় আত্মসমর্পণ করেছেন। অথচ যে উইকেটে একশ রানও ছুঁতে পারেনি বাংলাদেশ, সেখানেই শেষ বিকালে সাবলীল ব্যাটিং করেছে স্বাগতিকেরা; ফলে প্রথম দিন শেষেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দিন শেষে ১৭ ওভার ব্যাট করে ১ উইকেটে ৮৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে মাত্র ৩ রানে পিছিয়ে আছে তারা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

সেঞ্চুরিয়নে বাংলাদেশি ব্যাটাররা ধুঁকলেও দারুণ শুরু পায় প্রোটিয়ারা। নতুন বল সামলে দলকে ভালো ভিত এনে দেন অধিনায়ক এইডেন মার্করাম ও মার্কাস অ্যাকারম্যান। তবে মার্করাম ইনিংস বড় করতে পারেননি; এবাদত হোসেনের বলে আউট হওয়ার আগে ২৩ বলে ২১ রান করেন তিনি। এরপর দিনের বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন জুবায়ের হামজা ও অ্যাকারম্যান।

এর আগে শুরু থেকেই প্রোটিয়া পেসারদের তোপে বিপর্যস্ত হয় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৩ রানে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর আনরিখ নরকিয়ার গতির কাছে পরাস্ত হয়ে বোল্ড হন মাহফিজুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত; ৪৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর মুমিনুল হককে বোল্ড করেন উইয়ান মুল্ডার এবং লিটন দাসকে স্লিপে ক্যাচ বানান ইয়ানসেন। তাওহীদ হৃদয় কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও চা-বিরতির ঠিক আগে সাইমন হারমারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ১৯ রান করে। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ৯১ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ২৩ রানে ৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া মার্কো ইয়ানসেন ও আনরিখ নরকিয়া ২টি করে এবং উইয়ান মুল্ডার ও সাইমন হারমার ১টি করে উইকেট নেন।
 

বিভি/একেএম/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত