করতে পারলো না ১০০ রানও, লজ্জার রেকর্ড বাংলাদেশের
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়া পেসারদের তোপের মুখে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। পুরো ইনিংসে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন এবং বিশের কোটা পেরিয়েছেন কেবল একজন। ফলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এর পরপরই ব্যাট করতে নামার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা।
বৃষ্টিবিঘ্নিত দিনের শুরুতে নির্ধারিত সময়ে টসই হয়নি। লাঞ্চ বিরতি পেরিয়ে টস অনুষ্ঠিত হলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। কাগিসো রাবাদার করা প্রথম ওভার সামলে নিলেও দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় সফরকারীরা-মার্কো ইয়ানসেনের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম (৯ বলে ৩ রান)।
এরপর দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে ৩৪ রানের জুটি গড়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। তবে ইনিংসের ১৪তম ওভারে জোড়া আঘাতে ছন্দ হারায় বাংলাদেশ। এনরিখ নরকিয়ার বলে রবিন (৪০ বলে ২৩ রান) বোল্ড হওয়ার পর ক্রিজে নেমে প্রথম বলেই চার মারলেও চতুর্থ বলে বোল্ড হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২ বলে ৪ রান)। খানিক বাদে উইয়ান মুল্ডারের বলে ব্যক্তিগত ১১ রানে বোল্ড হয়ে ফেরেন মুমিনুলও।
মাঝের সারিতে তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাসের জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু মাত্র ১৩ রানেই লিটনের (৮ রান) বিদায়ে সেই জুটি ভেঙে যায়; পরের ওভারেই সাজঘরের পথ ধরেন হৃদয় (১৯ রান)।
চা বিরতির পর মাত্র ৭ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ, এর মধ্যেই শেষ চারটি উইকেট হারায় দল। কাগিসো রাবাদার বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন শরিফুল ইসলাম (২ বলে ২ রান)। রাবাদার আরও দুই শিকারে পরিণত হন জাকের আলী অনিক (১ রান) ও তাসকিন আহমেদ (২ রান); জাকের এলবিডব্লিউ হন এবং এক ওভার পর আউট হন তাসকিন। মার্কো ইয়ানসেনের বলে সিমোন হারমারের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খুলতে ব্যর্থ হন খালেদ আহমেদ, আর শূন্য রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন নেন সর্বোচ্চ ৩টি করে উইকেট। এ ছাড়া এনরিখ নরকিয়া ২টি এবং উইয়ান মুল্ডার ও সিমোন হারমার ১টি করে উইকেট শিকার করেন।
বিভি/একেএম/টিটি













মন্তব্য করুন: