• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এবার আইপিএলে নামই দেননি মুস্তাফিজ, নিলাম তালিকায় বাংলাদেশের ১২ জন

প্রকাশিত: ১৫:২২, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার আইপিএলে নামই দেননি মুস্তাফিজ, নিলাম তালিকায় বাংলাদেশের ১২ জন

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আইপিএলের আগামী মৌসুমের নিলামে নাম নিবন্ধন করেননি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। গত মৌসুমে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের দলে জায়গা পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে শেষ পর্যন্ত আইপিএল থেকে বাদ পড়েছিলেন তিনি। এবারও তাকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটে আগ্রহ থাকলেও প্রাথমিক নিবন্ধন তালিকায় নেই এই বাঁহাতি পেসারের নাম।

মুস্তাফিজের পাশাপাশি এবার আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেননি সাকিব আল হাসানও। তবে বাংলাদেশের ১২ ক্রিকেটার নিলামে জায়গা পেতে নিবন্ধন করেছেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকায় রয়েছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।

তবে প্রাথমিক নিবন্ধন তালিকায় নাম থাকলেই চূড়ান্ত নিলামে অংশ নেওয়ার নিশ্চয়তা নেই। দল পাওয়ার বিষয়টিও নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর।

গত মৌসুমের নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এ ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশের ক্রিকেটেও। নিরাপত্তার কারণ দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে যায়নি বাংলাদেশ দল।

গতবারের ঘটনার পর এবারও আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের খেলতে দেওয়া হবে কি না, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো স্পষ্ট কোনো নির্দেশনা পায়নি। ফলে ১২ ক্রিকেটার নাম নিবন্ধন করলেও তাদের চূড়ান্ত নিলামে থাকা কিংবা দল পাওয়ার বিষয়টি অনিশ্চিত।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ ক্রিকেটার। তাদের মধ্যে ভারতের ৯৩৯ জন এবং বিদেশি ২৮১ জন। ১০টি ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।

তবে প্রাথমিক তালিকার সবাই চূড়ান্ত নিলামে থাকবেন না। ২৭ নভেম্বরের মধ্যে তালিকার বাইরে থাকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরপর ১ ডিসেম্বরের মধ্যে নিলামে রাখতে চাওয়া ক্রিকেটারদের নাম জমা দিতে হবে দলগুলোকে। এ প্রক্রিয়া শেষে তৈরি হবে চূড়ান্ত তালিকা।

বিভি/এজেড

মন্তব্য করুন: