• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সোমবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, জানুন সময়সূচি

প্রকাশিত: ১৯:১৬, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সোমবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, জানুন সময়সূচি

ঢাকা থেকে কক্সবাজার রুটে যাত্রীসেবা দিতে যাচ্ছে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের পরিবর্তে বর্ধিত রুটে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে ট্রেনটি। এ জন্য নতুন সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক।

তিনি জানান, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সূচি অনুযায়ী, রাত ৩টায় ট্রেনটির চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাত ৩টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিত হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। এসব স্টেশনের মধ্যে রয়েছে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সেবা চালু হলে কক্সবাজারগামী যাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি রেলওয়ের আয়ও বাড়তে পারে। এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের যাত্রাপথে এসব স্টেশনে যাত্রী ওঠানামার সুযোগ না থাকায় অনেকেই সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারতেন না।

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। এতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে রবিবার।

নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক জানান, ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন রুটে চলাচলের জন্য গত ১৬ অক্টোবর থেকে টিকিট বিক্রিও শুরু হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: