• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

যাত্রীদের নিরাপত্তায় ভূমিকা রাখায় সেই এনামুল হককে পুরস্কৃত করলো রেলওয়ে

বাসস

প্রকাশিত: ১১:০৫, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১১:০৬, ২৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
যাত্রীদের নিরাপত্তায় ভূমিকা রাখায় সেই এনামুল হককে পুরস্কৃত করলো রেলওয়ে

রেললাইনের ত্রুটি শনাক্ত করে সম্ভাব্য ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মো. এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক, সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ তার হাতে সম্মাননা তুলে দেন। এ উপলক্ষে তার সম্মানে এক সংবর্ধনার আয়োজনও করা হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মো. এনামুল হক গত ২৩ মার্চ সকাল ৬টা ৫০ মিনিটে বিরামপুর-ফুলবাড়ী স্টেশনের মধ্যবর্তী রেললাইনের জয়েন্টে প্রায় ৭ ইঞ্চি ভাঙন দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে লাল সংকেত প্রদর্শন করে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে থামার সংকেত দেন। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, তার তাৎক্ষণিক ও বিচক্ষণ পদক্ষেপ রেল চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: