আগামী দুই বছরের জন্য টিএমজিবি’র দায়িত্ব রুমী ও বিশ্বজিতের কাঁধে
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর এবং বাণিজ্য ও অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম আলী খাঁ হলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।
এ সময় নির্বাচন কমিশনার ও বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম, টিএমজিবির ট্র্যাস্টি বোর্ডের সদস্য এস এম আফসারুল ইসলামসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
টিএমজিবির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন টেকভিশন২৪ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক গোলাম দাস্তগীর (তৌহিদ)।
এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে ডিজিবাংলার বার্তা সম্পাদক বদরুদ্দোজা মাহমুদ তুহিন, কোষাধ্যক্ষ পদে আরটিভির সহকারী বার্তা সম্পাদক মাহদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক পদে টেকশহর ডটকমের রিপোর্টার ও ব্রডকাস্ট জার্নালিস্ট রাশেদ ইমাম এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট ফারহানা হক নীলা নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের দুটি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার ও টিএমজিবির সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন এবং টিবিএসের হেড অব মাল্টিমিডিয়া এনামুল হক মজুমদার (মজুমদার বাবু)।
আনুষ্ঠানিক ফল ঘোষণার পর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। এতে বিদায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানানো হয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: