• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ব্র্যাক ব্যাংকে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন মুসলিম চৌধুরী

প্রকাশিত: ২২:১২, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ব্র্যাক ব্যাংকে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন মুসলিম চৌধুরী

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন দেশের প্রখ্যাত অর্থ ও নিরীক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ মুসলিম চৌধুরী। দীর্ঘ কয়েক দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সরকারি অর্থায়ন, সরকারি খাতের নিরীক্ষা, ব্যাংকিং, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সরকারি ঋণ ব্যবস্থাপনায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ মুসলিম চৌধুরী বাংলাদেশ সরকারের অর্থসচিব, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ) এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কার্যক্রমে পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

বর্তমানে তিনি ‘ইনাফি বাংলাদেশ’-এর বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং ‘আকিজইনসাফ গ্রুপ’-এর আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে মোহাম্মদ মুসলিম চৌধুরীকে স্বাগত জানিয়ে ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “জনাব মুসলিম চৌধুরীর বাংলাদেশ সরকারের অর্থসচিব ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। নীতিমালা প্রণয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিতকরণে তার এই অনন্য দক্ষতা আমাদের ব্যাংকের সুশাসন ও দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে নতুন মাত্রা যোগ করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার সুচিন্তিত দিকনির্দেশনা ব্র্যাক ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।”

বাংলাদেশের সরকারি আর্থিক খাতের সংস্কার ও আধুনিকায়নের অগ্রদূত হিসেবে পরিচিত মোহাম্মদ মুসলিম চৌধুরী দেশের আর্থিক সুশাসন ও জবাবদিহি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারি সেবা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাকে মর্যাদাপূর্ণ ‘জনপ্রশাসন পদক’ দেওয়া হয়।

তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে ডিস্টিংকশনসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি (সিআইপিএফএ) থেকে পাবলিক সেক্টর অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

পাবলিক সেক্টর অডিট, আর্থিক প্রতিবেদন প্রণয়ন এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে তার একাধিক গুরুত্বপূর্ণ গবেষণা ও প্রকাশনা রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত