• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মিরপুরের শাক্যমুনি বৌদ্ধ বিহারের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মানববন্ধন

প্রকাশিত: ১৬:৪১, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪১, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মিরপুরের শাক্যমুনি বৌদ্ধ বিহারের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মানববন্ধন

ঢাকার মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহার ও পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মানববন্ধন করেছেন পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের একাংশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মিরপুর-১৩ নম্বরে বিহার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে পার্বত্য বৌদ্ধ সংঘের সাবেক সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর বিরুদ্ধে সংঘের সম্পত্তি কুক্ষিগত করা, অনিয়ম ও প্রাতিষ্ঠানিক স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৬ সালে পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয়। ঢাকায় বসবাসরত পাহাড়ি বৌদ্ধদের সংগঠিত করা এবং একটি স্বতন্ত্র বৌদ্ধ বিহার নির্মাণ ছিলো এর অন্যতম উদ্দেশ্য। এর ধারাবাহিকতায় ১৯৮৩ সালে মিরপুর-১৩ নম্বরে শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়।

আয়োজকদের অভিযোগ, ১৯৮৬ সালে বিমলতিষ্য ভান্তে দেশত্যাগের পর প্রজ্ঞানন্দ মহাথেরো বিহার ও সংঘের সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে রাখেন। ১৯৯৮, ২০১২ ও ২০১৭ সালে পেশিশক্তি ও একতরফা নির্বাচনের মাধ্যমে তিনি সংঘের নেতৃত্ব দখল করেন বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, ২০০৪ সালে বিহার কমপ্লেক্সের জায়গায় বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে ২০১৭ সালে সংঘের সভাপতি থাকা অবস্থায় প্রজ্ঞানন্দ মহাথেরো ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চাকমা নিজেদের মধ্যে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি করেন। এতে মাসিক ভাড়া নির্ধারণ করা হয় এক লাখ টাকা। চুক্তির একটি ধারায় ভবন নির্মাণ করা হলে স্থাপনার ৫০ শতাংশ মালিকানা কলেজ কর্তৃপক্ষের হওয়ার শর্ত রাখা হয়েছে বলে দাবি করেন আয়োজকরা।

বক্তারা এসব অভিযোগের পাশাপাশি বিহারের মূল ভবন নির্মাণে উদ্যোগ না নেওয়া এবং সংঘের সম্পত্তি ব্যবহারে অনিয়মের বিষয়েও ক্ষোভ জানান। মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণ, প্রজ্ঞানন্দ মহাথেরোর পরিবর্তে নতুন অধ্যক্ষ নিয়োগ, বিহার কমপ্লেক্স পার্বত্য বৌদ্ধ সংঘের স্বার্থে ব্যবহার, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন এবং উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত।

শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক শৈলজ বিকাশ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল মনীষ দেওয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে ঢাকার বিভিন্ন এলাকার কয়েকশ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ অংশ নেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত