বৃষ্টির সম্ভাবনার মধ্যেও ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনার মধ্যেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে করে গরমের অনুভূতিও আগের তুলনায় খানিকটা বেশি অনুভূত হতে পারে৷
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে৷
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে, শনিবার (২৬ সেপ্টেম্বর) যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিভি/এসজি













মন্তব্য করুন: