অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে।
সোমবার (২ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
আবহাওয়া অধিফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি সোমবার (২ নভেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৪০ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪০০ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৭৫ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতেই প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ বিক্ষুব্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় দেশের প্রধান চারটি সমুদ্রবন্দর অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিভি/এসজি













মন্তব্য করুন: