• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

আঘাত হানার দ্বারপ্রান্তে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা

প্রকাশিত: ২২:২৬, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:২৭, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আঘাত হানার দ্বারপ্রান্তে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরের মধ্যে যেকোনো সময় উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে বাংলাদেশেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১২টায় প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এ সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্র পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এর কেন্দ্রের অবস্থান ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

আবহাওয়া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত