নতুন যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা নেই, আরও যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনাও নেই বলে স্পষ্ট করেছেন তিনি। তবে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। নতুন কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনাও নেই।
তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযান আরও জোরদার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনার কথা জানান। সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এর মধ্যে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে নতুন কোনো অভিযান হতে পারে- এমন আলোচনা ও প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অতীতের ওই অভিযানের মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই। অপরাধ দমনে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বাহিনীকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সমন্বয় ও কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: