• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব, পাবেন হজযাত্রীরা

প্রকাশিত: ১৪:৫৮, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব, পাবেন হজযাত্রীরা

ছবি: সংগৃহীত

২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসাব্যয় বাবদ কেটে রাখা প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা (৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল) ফেরত দিয়েছে সৌদি আরব। আটকে রাখা এই সম্পূর্ণ অর্থ ইতোমধ্যে জেদ্দার বাংলাদেশ হজ অফিসের হিসাবে জমা হয়েছে, যা সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর মাধ্যমে হজযাত্রীদের ফেরত দেওয়া হবে।

রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তিনি বলেন, গত ২৯ অক্টোবর জেদ্দার বাংলাদেশ হজ অফিসের ‘নুসুক’ সিস্টেমে সম্পূর্ণ অর্থ ফেরত জমা হয়েছে। এটি হজযাত্রীদের আর্থিক স্বার্থরক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে একটি বড় সাফল্য। পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ কর্তনের কোনো নজির ছিল না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বিস্তারিত তুলে ধরে বলেন, ইন্স্যুরেন্স কাভারেজের বাইরের চিকিৎসাব্যয়ের কথা বলে সৌদি কর্তৃপক্ষ এই বিপুল পরিমাণ অর্থ কেটে রেখেছিল। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৩১০ জন হজযাত্রীর বিপরীতে ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ রিয়াল এবং সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৩০ জন হজযাত্রীর বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৯২ রিয়াল ছিল। পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয় ও জেদ্দার বাংলাদেশ হজ অফিসের গঠনমূলক আলোচনা এবং কূটনৈতিক তৎপরতার ফলে এই অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে।

এ ছাড়া হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হজের উদ্বৃত্ত অর্থ থেকে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীকে আরও ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী।

 এর আগে গত ২৮ সেপ্টেম্বর হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এক সংবাদ সম্মেলনে আটকে থাকা এই অর্থ দ্রুত ছাড় করানোর উদ্যোগ নিতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছিলো।

সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত