• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

সরকারের লক্ষ্য, দেশের একজন মানুষও যেন অনাহারে না থাকে: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৯, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪০, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সরকারের লক্ষ্য, দেশের একজন মানুষও যেন অনাহারে না থাকে: খাদ্যমন্ত্রী

বাংলাদেশে একজন মানুষও যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই সরকার খাদ্যসহায়তা কার্যক্রমের পরিধি বাড়াচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। এর অংশ হিসেবে মানিকগঞ্জে খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রির (ওএমএস) আরও পাঁচটি নতুন পয়েন্ট চালু করা হয়েছে। আগে জেলায় পাঁচটি পয়েন্ট থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের কেন্দ্রীয় ডাকঘরের সামনে ওএমএস কার্যক্রমের ট্রাকসেল উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায়, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের কাছে খাদ্যপণ্য পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। যাতে আরও বেশি মানুষ সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সংগ্রহ করতে পারেন, সে জন্য মানিকগঞ্জে নতুন পাঁচটি ওএমএস পয়েন্ট বাড়ানো হয়েছে। সরকারের লক্ষ্য, দেশের একজন মানুষও যেন অনাহারে না থাকে।

ওএমএস কার্যক্রমে অনিয়মের অভিযোগ ও স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয় স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। অনিয়মের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেলেও সেগুলোর পক্ষে এখন পর্যন্ত প্রমাণসহ কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। খাদ্য মানুষের মৌলিক চাহিদা। এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই খাদ্য মন্ত্রণালয়ের মূল দায়িত্ব।

আসন্ন রমজান উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে সেগুলো জানানো হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক নাসমুস সাকিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত