• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়িয়েছে, কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

বাসস

প্রকাশিত: ২০:৩৬, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৩৮, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়িয়েছে, কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

দেশে রাসায়নিক সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেশি। আসন্ন রবি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও অতিরিক্ত দামে সার বিক্রি ঠেকাতে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ইউরিয়া সারের মজুত ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন, টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপি ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন।

গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে মোট সারের মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। সে হিসাবে এক বছরে মজুত বেড়েছে ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন। এ ছাড়া নভেম্বর মাসে কৃষকদের চাহিদা মেটাতে ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সারের প্রকৃত চাহিদা নিরূপণ, বরাদ্দ ও সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখতে জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আগের চাহিদা, বরাদ্দ ও মজুতের তুলনামূলক বিশ্লেষণ করে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলা চিহ্নিত করতে বলা হয়েছে। পাশাপাশি আসন্ন রবি মৌসুমের প্রকৃত চাহিদা নির্ধারণ করে আগাম মজুত ও সরবরাহ পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঠিক চাহিদার তথ্য যথাসময়ে পাঠাতে বলা হয়েছে। অতিরিক্ত বা কম চাহিদা দেখানো থেকে বিরত থাকার পাশাপাশি নির্ধারিত বরাদ্দ অনুযায়ী সার উত্তোলন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে ডিলারদের দোকানে সরকার নির্ধারিত বিক্রয়মূল্য ও মজুতের তথ্য দৃশ্যমান স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মজুতদারি, কৃত্রিম সংকট, অতিরিক্ত দাম আদায় ও সীমান্ত দিয়ে সার পাচার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং নিয়মিত অভিযান চালানোর কথাও বলা হয়েছে।

প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের পাশাপাশি শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার রোধে নজরদারি জোরদার করতে বলা হয়েছে। জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন, মজুত ও বিক্রির দৈনিক বা সাপ্তাহিক প্রতিবেদন পাঠানো এবং কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনাও রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে অধিদপ্তর ও মাঠ প্রশাসন তৎপর রয়েছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক এবং বর্তমানে পর্যাপ্ত সার রয়েছে।

তিনি বলেন, কৃষকদের মধ্যে বিভ্রান্তি বা কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। প্রয়োজনের অতিরিক্ত সার কিনে ঘরে মজুত না করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। সব কৃষক যেন প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক।

আবদুর রহিম আরও বলেন, সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ও মাঠ প্রশাসনের কার্যক্রম সমন্বয় করবেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি ভালো। কৃষকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর নজরদারি করছে।

তিনি বলেন, কোনো অবস্থাতেই কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা যাবে না। এ বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কঠোর নজরদারির কারণে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কৃষি সচিব জানান, দেশের খাদ্যনিরাপত্তায় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় কৃষি মন্ত্রণালয়ের ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ফলে রবি মৌসুমে সারের ঘাটতি হবে না এবং কৃষকরা ন্যায্যমূল্যে সময়মতো সার পাবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: